মা পাখিটা

মোহাম্মদ মেহেদী হাসান।

পাখির ছানা ডাকছে একা
গাছের ডালে থাকি
মা পাখিটা কোথায় গেল
ছোট্ট ছানা রাখি।

আষাঢ় মাসে বৃষ্টি ঝরে
ভিজলো ছানার গা
কাক পাখিটা দূরে বসে
করছে যে কা কা।

শালিক পাখি ঝাকে ঝাকে
বসছে তারের পরে
ছোট্ট সোনা মনির দলে
থাকছে না আর ঘরে।

বাবুই পাখি ঝড়ের তালে
দুলছে যে তার বাসায়
কাক পাখিরা কা কা করে
বৃষ্টি ছাড়ার আশায়।।
আকাশ পারে রংধনুর রং
মোহাম্মদ মেহেদী হাসান।

আষাঢ় আকাশ বৃষ্টিহীনা
মেঘ ভেসে যায় দূরে
পালক মেঘের রঙিন নাও
দখিনায় যায় উড়ে।

আষাঢ় মাসে রবির আলো
খিলখিলিয়ে হাসে
মেঘ উড়ে যায় দূরের দেশে
রবির তপ্ত ত্রাসে।

খোকার দলে খেলবে খেলা
ফুটবল নিয়ে মাঠে
গায়ের বধু কলসি কাঁখে
যাবে নদীর ঘাটে।

প্রকৃতির এই রূপের খেলা
আষাঢ়ে না যাচ্ছে দেখা
আকাশ পারে রংধনুর রং
ফেলছে না আর রেখা।

খোকার মনে বড়ই চিন্তা
কৃষকের পাট নিয়ে
কোথায় পাবে জলের আধার
পাট ভিজাবে গিয়ে।