নিজস্ব প্রতিবেদকঃ মো. আলমগীর কবিরাজ।।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন আলী (৩৫) নামে এক জন হেলফার নিহত ও অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সাড়ে পাঁচটার দিকে বনপাড়া – হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম থানামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে ঢাকা থেকে আসা রাজশাহীগামী তাবাসসুম স্পেশাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তাবাসসুম বাসের সামনে থাকা হেলফার মিঠুন নিহত হয়। মিঠুনের বাড়ি নাটোর সদর উপজেলার হুগলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন, নাটোর নলডাঙ্গা মদনপুর গ্রামে শহিদুল ইসলাম (৩২) লালপুরের আরামবাড়িয়া গ্রামের দুখু মিয়া (৫৭), রাজশাহী বোয়ালিয়ার কাপাসিয়া গ্রামে সুমন আলী (৪৫), সাহেববাজার এলাকার শিহাব উদ্দিন (৪০), সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার শামসুল ইসলাম (৭০), মিম খাতুন (৩০), ঢাকা সাভারের বিথী খাতুন (২৬) । আহতদের মধ্যে ৫জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাকীদের উপজেলা হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইন- চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস দুইটিকে উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।