নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের লালপুরের গ্রীণ ভ্যালী পার্কে রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে হয়রানী করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) আটক করেছে পুলিশ। আটককৃত টিকটকার আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫) সহ ৮/১০ জন বিদেশী নাগরিককে অশ্লিল ভাষায় কথা বলে হেনস্থা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শনিবার গ্রীণ ভ্যালী পার্ক কর্তপক্ষ তাদের বিরুদ্ধে থানায় মামলা করে। রাতেই অভিযান চালিয়ে পুলিশ ২জনকে আটক করে। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে ও রাসেল ইসলাম তানর উপজেলার আড়া দিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা -২০২৬’ ব্যানারে গত শুক্রবার গ্রীণ ভ্যালী পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর ঐ মিলন মেলোয় অংশগ্রহণ করেন। এদিন পার্কে আসা রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০/১২ জন যুবক নানা অশ্লিল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রীণ ভ্যালী পার্কে বিদেশী নাগরিককে হয়রানি করা অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
