নর্থবেঙ্গল সুগার মিলের ৯৪তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ::

নাটোরের লালপুরে নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

মিল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে আখ থেকে চিনি আহরণের হার বা রিকভারি ৬ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। মাড়াই কার্যক্রম ১২৫ দিন চলার পরিকল্পনা রয়েছে।

চলতি মৌসুমে আখচাষিদের জন্য প্রতি কুইন্টাল আখের মূল্য ২৬ টাকা বাড়িয়ে ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। মিলের আওতাধীন এলাকায় আখচাষে উৎসাহ দিতে কৃষকদের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড দেশের পুরোনো চিনিকলগুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমের সঙ্গে এলাকার আখচাষি, শ্রমিক, পরিবহনকর্মী ও ব্যবসায়ীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তাই নতুন মাড়াই মৌসুমকে ঘিরে স্থানীয় কৃষি ও অর্থনীতিতে নতুন কর্মচাঞ্চল্যের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এবারের মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, আখচাষিদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখাই মিল কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য।