বড়াইগ্রামে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) নিজস্ব প্রতিবেদকঃ মোঃ আলমগীর কবিরাজঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ও সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান। সেখানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মোঃ আখমল হোসেন, প্রধান শিক্ষক খাদিমুল ইসলাম,আসাদুজ্জামান, রেজাউল করিম ও সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা, হাডুডু, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে।