মতিঝিলে বোমার ‘স্প্লিন্টারের আঘাতে’ পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

আহত মিরাজ আহমেদ জানান, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে বাসায় ফেরার সময় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এ সময় বিস্ফোরণের স্প্লিন্টার তার বাম চোখের নিচে এসে লাগে।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্প্লিন্টারের আঘাতে আহত এক পথচারীকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম চোখের নিচে আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে তার চিকিৎসা চলছে।

 

এর আগে জানা যায়, মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার মধ্যে সেট করা বোমা পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

এতে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে সেসময় তাৎক্ষণিকভাবে ওই ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ছাতার ভেতরে রাখা ছিল বোমা। কেউ ছাতাটি খুললেই বিস্ফোরণ ঘটে যেত।