মতিঝিলে ছাতার ভেতর বোমা উদ্ধার, নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসে।

পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ছাতাটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে ছাতার ভেতরে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনার সময় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কে বা কারা ওই বিস্ফোরকটি সেখানে রেখে গেছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় রাজধানীতে জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।