লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির মাধ্যমে গৃহিত উন্নয়ন প্রকল্প ও এডিপিতে উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ হতে গৃহীত প্রকল্পে অনিয়ম দুর্নীতি রোধে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। ‘নিজেদের কাজ নিজেরা বুঝে নিন’ এমন আহবানে সাধারণ মানুষের সাড়া না পেয়ে তিনি বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ জানান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ছাড়াও বেসরকারী ব্যক্তিদের নিয়ে বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটি উপজেলার ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গোরস্থান, স্মশানঘাট, কাঁচা রাস্তা সংস্কার ও কাঁচা রাস্তা এইচবিবি করণ প্রকল্প পরিদর্শন কাজের মানের সঠিকতা যাচাই করেন এবং নিম্নমানের উপকরণ ব্যবহার হয়ে থাকলে তা পরিবর্তনে ঠিকাদারদের বাধ্য করেন। তিনি জানান এই অর্থ বছরে প্রায় তিন কোটি টাকায় ২ শতাধিক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। কিছু কাজ চলমান।
স্থানীয়রা জানান, প্রকল্প বাস্তবায়নের কাজে কঠোর নজরদারী থাকায় ঠিকাদাররা কাজে অনিয়ম করার সাহস পাননি। বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি এইচবিবি রাস্তার ইট তুলে বালু ও নিচের স্তরে ঠিকমত ইট দেওয়া হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেছেন। প্রতিমন্ত্রীর এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
বিশেষ প্রকল্প মনিটরিং কমিটির সদস্য শাহিনুর রহমান জানান, আমরা বিভিন্ন প্রকল্প প্ররিদর্শন শেষে প্রতিমন্ত্রী মহোদয়কে প্রতিদিনের আপডেট জানিয়েছি।
ঠিকাদার কাওছার হোসেন জানান, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশ মেনে আমরা সাধ্যমত ভালো কাজ করার চেষ্টা করেছি।
উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন জানান, প্রকল্প সমুহের কাজ শতভাগ নিশ্চিত করার চেষ্টা করেছি।