নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছাগল রাখার ঘরে ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বসতবাড়িতে পৌঁছে যায়।মুহুর্তের মধ্যেই আগুন বাড়ির ছয়টি কক্ষে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, মূল্যবান মালামাল, কাগজপত্রাদি এবং দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী আগুনে পুড়ে যায়। ফলে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়ে।ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ওয়াজদে আলী জানান, জীবনের সঞ্চয় দিয়ে গড়ে তোলা বসতবাড়ি এবং ঘরের সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে। এতে তাঁর পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা সহ শুকনো খাবার ও ঢেউটিন প্রদান করেন।
মো: আলমগীর কবিরাজ