পদ্মার চরে দুইজনকে গুলি, আহত একজনকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক ॥ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরে দুর্বৃত্তের ছোড় গুলিতে দুইজন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ স্বপন বেপারী নামের একজনকে তারা তুলে নিয়ে গেছে। পুলিশের ধারণা, তাকে গুলি করে হত্যা করে মরদেহ ট্রলারে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালি চর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- কালিদাসখালির সিদ্দিক বেপারীর ছেলে স্বপন বেপারী (৪০) এবং নিচপলাসী এলাকার শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত জিয়াউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুটি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জনের একটি দল কালিদাসখালি চরে আসে। এ সময় স্বপন বেপারী টর্চলাইটের আলো ফেললে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা জিয়াউল হকও গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা আহত স্বপনকে ট্রলারে তুলে নিয়ে যায়।
ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রক্তের আলামত উদ্ধার করে। তবে এখন পর্যন্ত স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্বপনের বাবা সিদ্দিক বেপারী জানান, গুলির শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন দুর্বৃত্তরা তার বাড়ির সামনে অবস্থান করছে। একপর্যায়ে তারা স্বপনকে ধরে গালাগালির পর গুলি করে ট্রলারে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ‘আমার চোখের সামনে আমার ছেলেকে নিয়ে গেছে। এখনো জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী স্বপনকে গুলি করে হত্যা করে মরদেহ ট্রলারে করে নিয়ে গেছে। তার সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।’
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই চরাঞ্চলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।