লালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

মোজাম্মেল হক ::
নাটোর জেলার লালপুর উপজেলার পদ্মার চর সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার লালপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গ্রেপ্তার ১৩ জনের মধ্যে ৪জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, ২জন মোবাইল-সংক্রান্ত সাইবার হ্যাকিং মামলার আসামি, ১জন মাদক মামলার এবং ৩জন পেনাল কোডের মামলার আসামি রয়েছে। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩ জনকে আটক করা হয়। তিনি জানান, লালপুর ছাড়াও রাজশাহীর বাঘা, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর উপজেলার গোপালপুর মধুবাড়ী এলাকার ব্রজেন্দ্রনাথ লালের ছেলে অশিষ লাল ভৌমিক (৪৫), জোকাদহ গ্রামের হারেজ সরদারের ছেলে কামরুল সরদার (৩৫), টিটিয়া রাকসা এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. সুজন (৩০), একই এলাকার ফরিদ শেখের ছেলে জুয়েল রানা (৪৪), অমরপুর এলাকার লোকমান হোসেনের ছেলে আকাশ হোসেন (২২) ও মো. লিখন (১৬), মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. নয়ন (৩৬), বেরিলাবাড়ি এলাকার মৃত খোদাবক্স প্রামাণিকের ছেলে মো. শাহ আলম (৪৫), একই এলাকার নুর আলমের ছেলে মো. মোস্তফা কামাল (৩৫) ও মৃত জনাব আলীর ছেলে মো. আজাহার আলী (৫০), কৃষ্ণপুর মালপাড়া গ্রামের আকছেদ আলীর ছেলে মো. পলাশ ইসলাম (২৫) ও মো. রুস্তম আলীর ছেলে মো. সম্রাট আলী (২৪) এবং বিরোপাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. শাকিল হোসেন (৩৮)।
অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানর ওসি শফিকুল ইসলাম।