বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

বড়াইগ্রাম (নাটোর) নিজস্ব প্রতিবেদক।। মোঃ আলমগীর কবিরাজ

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস ২০২৬’ (স্পিকসকন ২০২৬)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন। তিনি বাউয়েটের মাধ্যমে কাদিরাবাদ, বাগাতিপাড়া উপজেলা ও এর পার্শ্ববর্তী এলাকার শিক্ষা, গবেষণা এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন। স্পিকসকন ২০২৬ সফলভাবে আয়োজনের জন্য বাউয়েট, আইইইই বাংলাদেশ সেকশন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি তরুণদের জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাউয়েটের ভবিষ্যৎ অগ্রযাত্রা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান এবং জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো কামাদা। সম্মেলনের সাধারণ সভাপতি ছিলেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং কারিগরি কর্মসূচির সভাপতি ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি এবং স্থানীয় আয়োজন কমিটির সভাপতি ও বাউয়েটের ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।

দুইদিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনে তাঁরা সিগন্যাল প্রসেসিং, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। এর মাধ্যমে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ আরও জোরদার হয়েছে। সম্মেলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষক শিশির পাল এবং তনময় মৃধার গবেষণাপত্র বেস্ট রিসার্চ পেপার হিসেবে নির্বাচিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান সম্মেলন আয়োজনে সহযোগিতাকারী সকল প্রতিষ্ঠান, পৃষ্ঠপোষক, আয়োজক কমিটির সদস্য, গবেষণাপত্র পর্যালোচক, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। তিনি আশা প্রকাশ করেন, স্পিকসকন ২০২৬ বাউয়েট তথা বাংলাদেশের আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক নূর-আল-নাফিস এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আনিকা আক্তার।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, দেশ-বিদেশের গবেষক, সম্মেলনের আয়োজক কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।