কৃষির টেকসই উন্নয়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার দরকার –আব্দুল আজিজ এমপি

নিজস্ব প্রতিবেদক
নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আব্দুল আজিজ বলেন, কৃষির টেকসই উন্নয়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। কৃষি পন্য উৎপাদনে পরিমিত মাত্রায় জীবানু ও কীটনাশক ব্যবহার করতে হবে, যেন খাদ্যের গুণগত মান নষ্ট না হয়। উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত ফল ও সবজির মানদন্ড সঠিক রাখতে হবে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ হুসনেয়ারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ আব্দুল লতিফ, নাটোর জেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্রসাদ কল্যান রায় ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান, জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার কৃষকদের আধুনিক ও জ্ঞানভিত্তিক কৃষি চর্চায় উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ৩৫টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। এসব স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনের মানদন্ড নির্ধারণ, উচ্চ ফলনশীল ধানের জাত সম্প্রসারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মো: আলমগীর লকবিরাজ