বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর কবিরাজ##
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্স সাংবাদিকদের মাঝে ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান, অমর ডি কস্তা, মাহমুদুল হাসান মেমন, জাহিদ হাসান, মাহাবুব হোসেন ও হযরত আলী।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সরাসরি দেখানো হয়। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও তথ্য সংগ্রহ কার্যক্রমের ঘোষণা দেন।
প্রেস কনফারেন্সে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ৮৯৮১২টি খানার তথ্য সংগ্রহের কাজে ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজারকে সম্পৃক্ত করা হয়েছে। এ কাজে সাংবাদিক সহ সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড নিয়ে যে কোন ধরণের অপপ্রচার ও গুজব রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।