সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

স্টাফ রিপোর্টার ::

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম রহমতপুর এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিওপিটি রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতাধীন।

বিজিবি জানায়, সীমান্তে নজরদারি আরও জোরদার করা, চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রের পাচার, মানবপাচারসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের লক্ষ্যে রহমতপুর বিওপি স্থাপন করা হয়েছে। নতুন এই বিওপি চালুর ফলে ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আরও কার্যকর হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক বলেন, নতুন রহমতপুর বিওপি চালুর মাধ্যমে ফটিকছড়ির সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি ও আভিযানিক সক্ষমতা আরও বাড়বে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বিজিবি সূত্রে জানা গেছে, রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতায় বর্তমানে দুটি অপারেশনাল সিআইও ক্যাম্প, ১৩টি বিওপি ও দুটি চেকপোস্ট রয়েছে। এর মধ্যে ফটিকছড়ি উপজেলা সীমান্ত এলাকায় রহমতপুর ছাড়াও আন্ধারমানিক, পানুয়া, ছোট ফড়িংগা ও কয়লারমুখ বিওপি রয়েছে।

ফটিকছড়ির সীমান্তবর্তী কিছু এলাকা দুর্গম ও পাহাড়ঘেরা হওয়ায় সেখানে নিয়মিত নজরদারি ও টহল পরিচালনায় নতুন বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন এই বিওপি চালুর ফলে সীমান্ত সুরক্ষা আরও জোরদার হওয়ার পাশাপাশি সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির সক্ষমতা বাড়বে।