আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা

নিজস্ব প্রতিবেদক:

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকার সড়কে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া গোলাপি রঙের এসব বাস ইতোমধ্যে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।

বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

যেসব রুটে চলবে ‘পিংক বাস’

প্রাথমিকভাবে ঢাকার ৯টি রুটে এই বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। রুটগুলো হলো—

১. নতুনবাজার (কোকাকোলা)–মতিঝিল

২. তালতলা–মতিঝিল

৩. ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও

৪. মিরপুর-১০–মতিঝিল

৫. মিরপুর-১২–মতিঝিল

৬. মিরপুর–মতিঝিল

৭. মোহাম্মদপুর–মতিঝিল

৮. আব্দুল্লাহপুর–মতিঝিল

৯. গাজীপুর–বিমানবন্দর।

নতুনবাজার (কোকাকোলা)–মতিঝিল রুটের বাস কোকাকোলা, নতুনবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

তালতলা–মতিঝিল রুটের বাস তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে।

ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও রুটে বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে।

এ ছাড়া মিরপুর-১০–মতিঝিল রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস। মিরপুর-১২–মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলাচল করবে।

মোহাম্মদপুর–মতিঝিল রুটে বাসটি মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে। আব্দুল্লাহপুর–মতিঝিল রুটে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে। আর গাজীপুর–বিমানবন্দর রুটে গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত যাবে বাস।

ঢাকার বাইরেও চালু হচ্ছে সেবা

শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। বগুড়ার শেরপুর–মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট–পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। ফলে ঢাকার ১০টি বাসের পাশাপাশি দেশের আরও দুই শহরে চারটি বাস এই সেবায় যুক্ত হচ্ছে।

বিআরটিসির আশা, নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে। একই সঙ্গে পরিবহন খাতে নারী চালক ও কন্ডাক্টরদের কর্মসংস্থান এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রেও উদ্যোগটি ইতিবাচক ভূমিকা রাখবে।