নিজস্ব প্রতিবেদক ::
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শমসের আলী (৬০) ও তাঁর পুত্রবধূ তানিয়া বেগম (২৫) মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। তাঁর শ্বশুর শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।
জানা গেছে, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই বৈদ্যুতিক তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁর শ্বশুর শমসের আলী পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।