লালন শাহ সেতুতে বেপরোয়া মোটরসাইকেল চলাচল: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আবরার নুর ফাহিম স্টাফ রিপোর্টার ::

কুষ্টিয়ার ভেড়ামারা ও পাবনার ঈশ্বরদীকে সংযুক্তকারী লালন শাহ সেতু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের মাধ্যম। প্রতিদিন হাজার হাজার যানবাহন এ সেতু দিয়ে চলাচল করলেও সম্প্রতি কিছু মোটরসাইকেল চালকের বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ও নিয়মবহির্ভূত চালনার কারণে দুর্ঘটনার আশঙ্কা উদ্বেগজনকভাবে বেড়েছে। অতীতেও সেতুটিতে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, অনেক মোটরসাইকেল চালক অতিরিক্ত গতিতে চলাচল, ওভারটেক, পাশাপাশি রেসিং এবং ট্রাফিক আইন অমান্য করে সেতু পারাপার করেন। এতে শুধু চালকরাই নয়, অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কিছু তরুণ মোটরসাইকেল চালক সেতুর ওপর গতির প্রতিযোগিতায় লিপ্ত হন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। সচেতন মহলের দাবি, লালন শাহ সেতুতে নিয়মিত হাইওয়ে পুলিশের টহল জোরদার, গতিনিয়ন্ত্রণ নিশ্চিত করা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং নিরাপদ চালনার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে লালন শাহ সেতুতে দুর্ঘটনা কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।