লালপুর (নাটোর) প্রতিনিধি॥
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর গুচ্ছগ্রামে জমি দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় এক পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সকালে লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার প্রভাবশালী বাবলু, মজনু ও রশিদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিলমাড়িয়া গুচ্ছগ্রামের জমি দখলের উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় ভুক্তভোগী রাহাত ও তার পরিবার জমি দখলে বাধা দিলে অতর্কিত হামলা চালায়। বাড়িতে ভাঙচুর এবং বাড়ির চারপাশের গাছপালা কেটে নষ্ট করে ফেলে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় তাদের ঘরবাড়ি ও গাছপালার আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। হামলায় রাহাত, জরিনা খাতুন, সাথি খাতুন ও আহাদ আলী লাঠি সোটার আঘাতে আহত হয়েছেন।
ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।