সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি ::
নাটোরের সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী ও একজন পথচারী।
সোমবার (১ জুন) সকাল ছয়টার দিকে নাটোর থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিংড়া যাওয়ার সময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক সিংড়ার আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা (২৬), লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান (২৫), সদর উপজেলার উত্তর আলাইপুরের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে আসমা খাতুন (৪৫)।

বিষয়টি সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। উভয় ঘটনায় মামলা হয়েছে।