নর্থ বেঙ্গল সুগার মিলে সিবিএ সভাপতি সহ ৪ শ্রমিক নেতা লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক ::
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম সহ ৪ সিবিএ নেতা লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে কাজ ফেলে মিলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। রবিবার (২৪ মে) সকালে সিবিএ নেতাদের দু’টি গ্রুপের মধ্যে দ্বন্দের জেরে এই ঘটনা ঘটে।
জানাগেছে, সুগার মিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ৮টার দিকে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এর আগে ২৩ মে সুগার মিল চত্বরে সিবিএ সদস্য ছবির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাচ্চুকে সিবিএ সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান মধু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল হালিম ও প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মারধর করে বলে মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত নের্তৃবৃন্দ সভাপতি সহ অন্য নেতাদের লাঞ্ছিত করার ঘটনা অস্বীকার করে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে সমন্বয়হীনতার কারণে কথা কাটাকাটি হয়েছে। কোন মার ধরের ঘটনা ঘটেনি।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইঁয়া বলেন, অভিযোগ পেয়ে তিন সদস্য বিশিষ্ট তদস্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।