বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে পর্যটকদের জন্য ‘জলবন রিসোর্ট’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।|

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় পর্যটকদের জন্য মানসম্মত জলবন রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রিসোর্টটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

রিসোর্টে রয়েছে ৯টি বিলাসবহুল কক্ষ। অতিথিদের বিনোদন ও আরামের জন্য এখানে ছাদ থেকে নিচতলা পর্যন্ত বিস্তৃত জলপ্রপাত ও অ্যাকুয়ারিয়াম, জাকুজি বাথটাব স্যুট, সুইমিং পুল, পুকুরে মাছ ধরার ব্যবস্থা এবং পিকনিক বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে। নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকাটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নাটোরের সংযোগস্থল। এই কৌশলগত অবস্থানে দূরপাল্লার ভ্রমণকারী এবং পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপদ আবাসন ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। জল ও প্রকৃতির সমন্বয়ে ইকো-রিসোর্ট গড়ে তোলা হয়েছে।

উদ্যোক্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিরিবিলি পরিবেশে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করা, উত্তরবঙ্গে ভ্রমণকারী, পেশাজীবী এবং স্থানীয় পর্যটকদের জন্য মানসম্মত আতিথেয়তা ও বিশ্রামের সুযোগ সৃষ্টি করা এই রিসোর্ট নির্মাণের প্রধান লক্ষ্য।

অবঃ সেনা কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, জলবন রিসোর্ট কেবল একটি বিনোদন কেন্দ্র হিসেবেই নয়, বরং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং নাটোর জেলার পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।