বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মো. আলমগীর কবিরাজ ##
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া কলেজের ছয়জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবারে কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ মো. লুৎফর রহমান ও সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষক মোঃ মাহবুবুল আলম মামুন । সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর।
বিদায়ী শিক্ষকরা হলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোছা. কোহিনুর খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোছা. মঞ্জুয়ারা খাতুন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শেখ মো. তোফাজ্জল হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা এবং রসায়ন বিভাগের প্রভাষক মহাদেব চন্দ্র পাল।
প্রধন অতিথি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করেন।
অধ্যক্ষ এম. লুৎফর রহমান বলেন, বিদায়ী শিক্ষকরা দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বনপাড়া কলেজের শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের কর্মময় জীবনের স্মৃতি ও অবদান কলেজ পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিদায়ী শিক্ষকবৃন্দ তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।