নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি

নাটোর প্রতিনিধি ::

নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল বগুড়া থেকে ট্রেনে নাটোরে আসেন। পরে তিনি স্টেশনের ওয়েটিং রুমে নিজের ব্যাগ রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে সেখানে থাকা এক রেলওয়ে কর্মকর্তার কাছে ব্যাগ ও মালামাল দেখভালের অনুরোধ করেন বলে জানান তিনি।

এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে কিরিল দেখতে পান, তার ব্যাগ ও মালামাল সেখানে নেই। ওই সময় যাকে মালামাল দেখভালের দায়িত্ব দিয়েছিলেন, তাকেও সেখানে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

চুরি যাওয়া মালামালের মধ্যে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী রয়েছে বলে জানা গেছে। পরে তিনি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

কিরিলের দাবি, সন্ধ্যার দিকে তার হারানো ল্যাপটপের আইক্লাউড লোকেশন নওগাঁ এলাকায় শনাক্ত হচ্ছিল। বিষয়টি তদন্ত করে মালামাল উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিদেশি পর্যটকের মালামাল চুরির ঘটনায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।