লালপুরে গণধর্ষণ করে ভিডিও ধারণ ॥ ৩ যুবক আটক

লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্র্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবীর অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উত্তর লালপুরের ৬ রাস্তার মোড় মন্ডলপাড়ার আজের আলীর পুত্র আশিক জামান (২০), হাফিজুল ইসলামের পুত্র কাজল ইসলাম (১৯) এবং জৌতদৈবকী গ্রামের সাইদুল ইসলামের পুত্র শাকিল ইসলাম বাদল (২০)। রবিবার রাতে উত্তর লালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার (০৫.১০.২০২৬) লালপুর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে বিজয়পুর গ্রামের ২৩ বছর বয়সী এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে উত্তর লালপুর ৬ রাস্তার মোড় এলাকার আশিক জামানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে আশিক ওই তরুণীকে নিয়ে লালপুরের গ্রীন ভ্যালি পার্কে ঘোরাঘুরি শেষে অটোরিকশায় করে জৌতদৈবকী গ্রামের শাকিল ইসলাম বাদলের বাড়িতে নিয়ে যায়। সেখানে আশিক, কাজল ও শাকিল তিন বন্ধু মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। এসময় শাকিল ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণীকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন রবিবার দুপুরে পুলিশ পরিচয় দিয়ে ওই তরুণীর ভিডিও তার হাতে আছে বলে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। ওই চাঁদা দিতে অস্বীকার করলে তার অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
ঘটনাটি থানায় জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে রাতেই ঘটনার সাথে জড়িত তিন যুবককে আটক করে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।