স্টাফ রিপোর্টার ::
কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনে ওভারব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে ট্রেনের সামনে দিয়ে রেললাইন পারাপার করছেন যাত্রীরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ভেড়ামারা রেলওয়ে স্টেশনে যাত্রী ও সাধারণ মানুষ অনেক সময় ওভারব্রিজ ব্যবহার না করে সরাসরি রেললাইনের ওপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করছেন। ট্রেন আসা-যাওয়ার সময়ও কেউ কেউ দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, স্টেশনে ওভারব্রিজ থাকার পরও অনেকে সেটি ব্যবহার না করে রেললাইনের ওপর দিয়ে পারাপার হন। একই সঙ্গে স্টেশন এলাকায় প্রতিনিয়ত অসংখ্য ট্রেন ও অন্যান্য যানবাহনের চলাচল রয়েছে। এ অবস্থায় অসতর্কভাবে রেললাইন পারাপার করলে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, রেললাইন দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে স্টেশন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের আরও কঠোর নজরদারি করা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষকে ওভারব্রিজ ব্যবহারে সচেতন করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকেই মানুষকে সচেতন করা এবং রেললাইন পারাপারে নিয়ম মেনে চলতে বাধ্য করা জরুরি।