নিজস্ব প্রতিবেদক, মোঃ আলমগীর কবিরাজ :
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ আগস্ট দুই দিনব্যাপি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আই ইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনেকিশন এন্ড সিস্টেম (স্পিকসকন ২০২৬)। বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আই ইইই বাংলাদেশ সেকশন এবং আই ইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার-এর সহযোগিতায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার বাউয়েটে এক সংবাদ সম্মেলনে মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এসব কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন কনফারেন্সের সভাপতি ও ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ ওসমান গনি এবং কনফারেন্সের লোকাল এরেজমেন্ট সভাপতি ও ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।
তিনি আরও বলেন, দুই দিনব্যাপী এ সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা তাঁদের সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। স্পিকসকন ২০২৬-এ ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১,০৪১টি গবেষণাপত্র জমা পড়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পিয়ার-রিভিউ প্রক্রিয়া শেষে ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি), জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন।