নিজস্ব প্রতিবেদক, মোঃ আলমগীর কবিরাজ :
নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে রুম টু রিড বাংলাদেশ, নাটোর শাখার সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের সুপারভাইজার মোঃ মুনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মীর জাহীদা নাজনীন, বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এবং নাটোর জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার। এছাড়া সেখানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, আব্দুল আওয়াল, আফরোজা খাতুন, রবিউল করিম, সহকারী শিক্ষক নাজনীন খাতুন, সাংবাদিক আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির গঠন, দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। একই সঙ্গে কমিটিকে আরও কার্যকর ও সক্রিয় করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও হয়রানিমুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।