চলন্ত ভ্যান থেকে নারীর দেড় লক্ষাধিক টাকা ছিনতাই, একদিন পর টাকাসহ ২ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের লালপুরে দিনদুপুরে জেসমিন নাহার নামের এক নারীর ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার একদিন পর বৃহস্পতিবার সকালে দুই ছিনতাইকারীকে মেহেরপুর সদর এলাকা থেকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত ১লাখ ৭০ হাজার টাকা উদ্ধার ও ছিনতাই এর কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। আটককৃত ছিনতাইকারীদ্বয় হলো উপজেলার ভাদুর বটতলা বাগানপাড়ার শরিফুল ইসলামের ছেলে সোহাগ আলী (১৯) এবং ঈশ্বরদী উপজেলার গোপালপুর গ্রামের আলমাছ আলীর ছেলে সবুজ আলী (২০)। ভুক্তভোগী জেসমিন নাহার উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে জেসমিন নাহার ডাচ-বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে একটি ইঞ্জিন চালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি লালপুর-গোপালপুর সড়কের যুব প্রশিক্ষণ কেন্দের সামনে ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দু’জন দুর্বৃত্ত তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি হঠাৎ টান দিয়ে ছিনিয়ে নেয়। ব্যাগের টানে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে আহত হন। এরপর ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করে। এর পর বুধবার রাতভর মেহেরপুর জেলার সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।