নাটোর প্রতিনিধি ::
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু চুরির অভিযোগে কচুরিপানার নিচে প্রায় ৯ ঘণ্টা আত্মগোপন করেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি দুই সন্দেহভাজন গরু চোরের। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) ভোরে নওগাঁ জেলার রানীনগর থানার একটি গরু চুরি মামলার তদন্তের সূত্র ধরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি ট্রাকে থাকা গরু চোর চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।
ধাওয়ার একপর্যায়ে দুইজন রাস্তার পাশের কচুরিপানায় ভরা একটি খালে ঝাঁপ দিয়ে আত্মগোপন করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা পুরো খাল ঘিরে রাখেন। টানা প্রায় ৯ ঘণ্টা নজরদারি ও তল্লাশির পর দুপুরে কচুরিপানার ভেতর থেকে ওই দুইজনকে বের করে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফেরদৌস (২৬)।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, আটক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।