বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভা মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।

স্থানীয় সরকার নির্বাচনে বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক উপজেলা আমির ও জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান হিসেবে বড়াইগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ বাবর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ মাহফুজা খানমের নাম ঘোষণা করা হয়।

এছাড়া বনপাড়া পৌর মেয়র পদে হুমায়ুন কবির, বড়াইগ্রাম পৌর মেয়র পদে অধ্যাপক আবু সাঈদ, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আইয়ুব আলী মন্ডল, বড়াইগ্রামে হাসানুল বান্না উজ্জ্বল, জোনাইলে মাহবুবুল আলম, নগরে হাসিনুর রহমান, গোপালপুরে হাবিবুর রহমান, চান্দাই ইউপিতে আব্দুল হান্নান বাদশার নাম ঘোষণা করা হয়। তবে মাঝগাঁও ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
অনুষ্ঠানে উপজেলা আমীর আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম।

মো. আলমগীর কবিরাজ