ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে মাহাবুল হোসেন (৪৫) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আজিজলতলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মাহাবুল হোসেন আজু প্রামাণিকের ছেলে। অভিযুক্ত আব্দুল বাশার, আবুল কাশেম বিদু মুন্সীর ছেলে এবং নিহতের আপন মামাতো ভাই।
স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মাহাবুল ও আব্দুল বাশারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুল বাশার লাঠি দিয়ে মাহাবুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আব্দুল বাশারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, ‘ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’