আড়ানীতে ৪৯ লাখ টাকার জিরা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ::

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে প্রায় ৪৯ লাখ টাকার জিরা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিরা ব্যবসায়ী ফেরদৌস সরদার মিঠুন বুধবার রাতে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাবনার সুজানগরের চরচিনাখড়া গ্রামের বাসিন্দা ও জিরা ব্যবসায়ী ফেরদৌস সরদার মিঠুনের কাছ থেকে আড়ানী পালপাড়া গ্রামের চিনি ব্যবসায়ী শান্ত ইসলাম এক ট্রাক জিরা কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ব্রাহ্মণ বড়ইল গ্রামের সিনারুল ইসলামের মাধ্যমে যোগাযোগ করে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ৯ হাজার কেজি জিরা আড়ানীতে আনা হয়।
বুধবার সকালে আড়ানী বাজারে জিরা বুঝে নেওয়ার পর শান্ত ইসলাম ২৫ লাখ টাকা নগদ এবং প্রায় সাড়ে ২৪ লাখ টাকার একটি চেক দেন বলে অভিযোগ করেন মিঠুন। পরে ব্যাংক থেকে চেকের টাকা তুলে দেওয়ার কথা বলে শান্ত ইসলাম ও তার সহযোগীরা তাকে নিয়ে হাঁটতে বের হন।

একপর্যায়ে একটি গলির মধ্যে নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে নগদ টাকা, চেক এবং সঙ্গে থাকা প্রায় ৭২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী ফেরদৌস সরদার মিঠুন জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে চলে যেতে বলেন। পরে স্থানীয় এক বিএনপি নেতাকে বিষয়টি জানালেও কোনো সমাধান না পেয়ে রাতে থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগে শান্ত ইসলাম, তার মামা সুজাত আহমেদ তুফান, জাহাঙ্গীর হোসেন ও সুইট ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে ট্রাকচালক লালচান জানান, ৯ হাজার কেজি জিরা ট্রাকে করে আড়ানীতে আনা হয়। এর মধ্যে ৪ হাজার ৫০০ কেজি জিরা আগেই কথা বলা হয়েছিলো তাই অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং বাকি জিরা একটি গোডাউনে রাখা হয়। মালামালের বিপরীতে একটি ফাঁকা চেকও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।