——– সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
মোজাম্মেল হক :: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, মুক্তিযুদ্ধ আমাদের শেকড়। মুক্তিযুদ্ধ আমাদের বেইজ। একটি ইমারতের বেইজ বা পাইলিং যতটা মজবুত তার স্থায়িত্ব ততটা মজবুত। আমাদের দেশ নামে যে ইমারতটা দাঁড়িয়ে রয়েছে তার পাইলিং অনেক মজবুত এটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। তিনি বলেন আমরা ৭১ এর চেতনাকে ধারণ করতে পারিনি। ৭১ কে ভুলে গেলে আমরা দেশের শেকড়কে ভুলে যাব। যে জাতি তার শেকড়কে ভুলে যায় সে জাতি সমৃদ্ধির পথে এগোতে পারে না। তিনি বলেন, দেশেরে জন্য যারা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে সম্মান দিতে হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মঙ্গলবার নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবসের স্মরণ সভায় শহীদ সাগর চত্ত্বরে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী চিনিকলের কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আমি নর্থ বেঙ্গল সুগার মিলকে আরো উন্নত ও লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার চেষ্টা করছি। এখানে কোন রাজনৈতিক প্রভাব ও অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা। শ্রমিক-কর্মচারী নিয়োগ ও পদন্নোতিতে কোন বানিজ্য হতে দেওয়া হবেনা। এখানে একজন মানুষ তার যতটুকু প্রাপ্য তা পাবেন। তিনি মিলের শহীদ সাগরে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ পরিবারের সদস্যদের সরকারীভবে শহীদ পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি পাবার জন্য সহযোগীতার আশ্বাস দেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, শহীদ পরিবারের সদস্য ফরহাদ উজ জামান রুবেল, মামুন আলী, সিবিএ সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।