নিজস্ব প্রতিবেদক॥
লালপুর-ঈশ্বরদী সড়কের নাটোরের লালপুর উপজেলার নবীনগর এলাকায় বালুবাহী ট্রাল ও আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলাম জোহার ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৮) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর ছেলে বাবুল (৪২)। আহতরা হলেন ভেল্লাবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০)। হতাহতরা সকলেই আটোরিক্সার যাত্রী।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে একটি অটোরিকশা ভাড়া করে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।