নিজস্ব প্রতিবেদক॥ নওগাঁর আত্রাইয়ে এক ঘাতক স্ত্রী ও শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে শুক্রবার গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (৩০) মাদকাসক্ত ছিল। এ জন্য পারিবারিক কলহ প্রায় লেগেই থাকতো। এরই জের ধরে শুক্রবার গভীর রাতে জয় নিজের শয়ন কক্ষে তার স্ত্রী দৃষ্টি সরকারকে (২৩) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে।
এরপর ২ বছরের শিশু কন্যা জেনিকেও একই কায়দায় গুরুতর জখম করে। শেষে সে নিজেই তার ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে।
তার চিৎকার শুনে পাশের ঘর থেকে জয়ের বাবা-মা এবং অন্যান্য লোকজন এসে গুরুতর জখম অবস্থায় জয় ও তার শিশু কন্যা জেনিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে পিতা-কন্যা দুজনেই মারা যায়।
জয় সরকারের পিতা গৌতম সরকার বলেন, জয় দীর্ঘদিন যাবত মানসিক রোগী ছিল। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি হত্যা মামলা ও একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।