বড়াইগ্রামে ধারকৃত গহনা ফেরত না দেওয়ার অভিযোগে গাছের সাথে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক ।।**
নাটোরের বড়াইগ্রামে ধার নেওয়া গহনা ফেরত না দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।
বুধবার বিকেলে বড়াইগ্রাম পৌর শহরের গোয়ালফার কদমতলা মহল্লায় বিদ্যুতের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলা মহল্লার বাসিন্দা জাহাঙ্গীরের স্ত্রী প্রতিবেশী টুটুলের মায়ের কাছ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে কিছু স্বর্ণালঙ্কার ধার নেয়। ওই স্বর্ণালঙ্কার বারবার ফেরত চায়, কিন্তু ১২ দিন অতিবাহিত হলেও সে গহনাগুলো ফেরত দেয়না জাহাঙ্গীরের স্ত্রী।
সবশেষ বুধবার দুপুরে গহনা ফেরত চাওয়া হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে সংশ্লিষ্টদের স্থানীয় বিদ্যুতের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গহনা ফেরত দেওয়া নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে, উপস্থিত কয়েকজন জাহাঙ্গীর, তার স্ত্রী, বাবা এবং শাশুড়িকে ঘরে আটকে নির্যাতন করে এবং তাদের দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ধার নেওয়া গহনা জাহাঙ্গীরের স্ত্রী ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, এবিষয়ে জানতাম না,পরে শুনেছি। যারা বেঁধে রেখেছে ,তারা ছেড়েও দিয়েছে। এঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মো.আলমগীর কবিরাজ