নিজস্ব প্রতিবেদক ## মো. আলমগীর কবিরাজ,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) সংসদীয় আসনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে জামায়াত ও বিএনপি। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জামায়াতের মাওলানা আব্দুল হাকিম দাঁড়ি-পাল্লা, বিএনপির আব্দুল আজিজ ধানের শীষ, জাতীয় পাট্রির ইউসুফ আহমেদ লাঙ্গল, এবি পার্টির মোকছেদুল মোমিন ঈগল ও ইসলামী আন্দোলনের এমদাদুল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে ৫ জন প্রার্থী থাকলেও ভোট যুদ্ধে লড়াই হবে দ্বিমূখী।
আসনটিতে নির্বাচনের শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রার্থীরা প্রতিদিনই গ্রামে-গ্রামে উঠান বৈঠক, দলবদ্ধভাবে ভোটারদের দ্বারে-দ্বারে গমন, হাট-বাজার, গ্রাম-গঞ্জে মাইকিং, পোস্টার বিতরণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতীক বরাদ্ধের পর থেকে। প্রচারণার শেষ সময়ে নির্বাচনী হাওয়া হয়ে উঠেছে তুঙ্গে। জামায়াত ও বিএনপি উভয় দলই বিজয়ের প্রত্যাশায় মাঠে নেমেছেঠ কোমর বেঁধে।
বিশ^স্থ সুত্রে জানা যায়, এ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ ৬ বার, বিএনপি তিন বার ও দুই বার জাতীয় পার্টির দলীয় সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। এতে লক্ষ্যনীয় বিষয় যে আওয়ামী লীগের প্রার্থী অধিক বার নির্বাচিত হন। তবে স্থানীয়দের মতে, জুলাই বিপ্লবের পর ভোটারদের মনোভাব পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এখন মাঠছাড়া। ফলে মাঠে লড়াই হবে দীর্ঘদিনের দুই মিত্র বিএনপি-জামায়াতের মধ্যে। তবে শেষ হাসি কে হাসবেন তা কিছুটা আওয়ামী ঘরোনার ভোটারদের ওপর নির্ভর করছে বলেই মনে করছেন অনেকে।
এ আসনে বিএনপি-জামায়াতের দ্বিমুখী লড়াই হবে নিঃসন্দেহে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি ইতিপূর্বে তিনবার ইউপি চেয়ারম্যান ও একবার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এসব কারণে তার যথেষ্ট পরিচিতি আছে।
অপরদিকে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম নাটোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পরে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দুই বার বনপাড়া পৌরভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। বড়াইগ্রাম-গুরুদাসপুর দুই উপজেলাতেই তার যথেষ্ট পরিচিতি ও সুনাম রয়েছে।
এছাড়া জাতীয় পার্টির ইউসুফ আহমেদ (লাঙ্গল), এবি পার্টির মোকছেদুল মোমিন (ঈগল) ও ইসলামী আন্দোলনের এমদাদুল্লাহ (হাতপাখা) প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে ভোটারদের অনেকেই বলছেন, আমরা সৎ, নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবো। আগামীতে চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিবে এমন প্রার্থীকে ভোট দিতে চাই।
উত্তরবঙ্গের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনা ঘটে মাঝে-মাঝেই। মহাসড়কটি চারলেন করা সহ বেকারদের কর্মসংস্থান, ছাত্রদের খেলার মাঠ,দুই উপজেলার উপর দিয়ে গ্যাস লাইন চলে গেছে রাজশাহীতে অথচ এলাকায় গ্যাস নাই, তাই গ্যাসের দাবি ভোটারদের।
এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার ৬০০ জন। এর মধ্যে বড়াইগ্রামে ২ লাখ ৫৩ হাজার ৩৭২ জন ও গুরুদাসপুরে এক লাখ ৯০ হাজার ২২৮ জন ভোটার রয়েছেন। এ আসনে ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে বড়াইগ্রাম উপজেলার ৯৯ টি ও গুরুদাসপুর উপজেলার ৬৮ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।